হিমির মনে ট্রলের ভয়!

ছোটপর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে পরিচিতি পেলেও গান দিয়ে আলাদা পরিচিতি পেয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে তার নতুন মৌলিক গান ‘দুজন দুজনার’। নব্বই দশকের চলচ্চিত্রের গানের আদলে তৈরি এই গানটি নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।  

বর্তমান সময়ের বিট বা আধুনিক মিউজিক অ্যারেঞ্জমেন্টের বাইরে গিয়ে পরিকল্পিতভাবেই কিছুটা পুরোনো ধাঁচের আমেজ রাখা হয়েছে এই গানে। দর্শকদের অনেকেই গানটি শুনে নব্বই দশকের সেই বিশেষ ফ্লেভারের কথা মনে করছেন বলে জানান হিমি।

তবে অভিনয়ের বাইরে গান গাওয়া নিয়ে এক ধরনের জড়তা কাজ করে এই অভিনেত্রীর মনে। হিমি বলেন, আমি তো গানের মানুষ না। গান গাইতে সব সময় ভয়ে থাকি- মানুষ ট্রল না করে দেয় কিংবা যদি পছন্দ না করে! এই গান শ্রোতারা পছন্দ করেছেন, এটা আমার জন্য বড় পাওয়া।

নিজের গানের প্রতি শ্রোতাদের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে সাহস জুগিয়েছে। তবে শুধু দর্শক পছন্দই নয়, ব্যক্তিগতভাবেও তিনি পুরো গানের আয়োজনে সন্তুষ্ট ছিলেন বলেও জানান। 

গানের ক্যারিয়ার নিয়ে হিমি স্পষ্ট জানান, গানের ক্যারিয়ার নিয়ে বড় কোনো পরিকল্পনা সাজানোর মতো অবস্থান তার এখনো তৈরি হয়নি। মূলত তিনি অভিনয়েই নিয়মিত থাকতে চান এবং গানের ক্ষেত্রে পেশাদার হওয়ার বিশেষ কোনো ইচ্ছা তার নেই। 

এর আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসা কুড়ালেও ‘দুজন দুজনার’ গানটির মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

ডিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *