মেসিদের ফুটবল সভাপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগে চাপে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

বুয়েনোস আইরেসের বিচারক দিয়েগো আমারান্তে আগামী ৫ মার্চ তাপিয়াকে আদালতে হাজির হতে বলেছেন। ২০২৪ ও ২০২৫ সালে প্রায় ১৯ বিলিয়ন পেসো সামাজিক অবদান পরিশোধ না করার অভিযোগ রয়েছে তাপিয়ার বিরুদ্ধে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তাপিয়া বা অন্য কর্মকর্তারা।

অভিযোগটি করেছে কাস্টমস কালেকশন অ্যান্ড কন্ট্রোল এজেন্সি (এআরসিএ)।

তাপিয়াসহ আরও চার কর্মকর্তা—কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনো, সাধারণ সম্পাদক ক্রিস্তিয়ান মালাসপিনা, মহাপরিচালক গুস্তাভো লরেঞ্জো এবং সাবেক রেসিং ক্লাব সভাপতি ভিক্টর ব্লাঙ্কোকেও জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরও দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিচারক জানিয়েছেন, তদন্তের গুরুত্ব বিবেচনায় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা বহাল থাকলে ২৭ মার্চ কাতারে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো ২০২৪ জয়ী স্পেনের মধ্যকার ফাইনালিসিমায় উপস্থিত থাকতে পারবেন না তাপিয়া।

এমএমএম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *